Mobile Date Time Bar
ঢাকা ০৯ আগস্ট ২০২৬ রাত ১২:০৫:১১

সৌদিজুড়ে সতর্কতা জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধূলিঝড় এবং নিচু এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মক্কা নগরী ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিগ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে।

এনসিএম আরও জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া কেন্দ্রের হালনাগাদ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted

Copyright © 2026 Probash Times