নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগে নেতৃত্বের পরিবর্তন এসেছে। দায়িত্ব নেওয়ার প্রায় তিন বছরের মাথায় বিভাগটির প্রধান ড্যান লিনকে বরখাস্ত করেছে জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সাম্প্রতিক কর্মী ছাঁটাই ও শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ধারাবাহিকতায় তার বিদায়ের খবর সামনে এলো।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, একাধিক সূত্র ড্যান লিনের দায়িত্ব হারানোর বিষয়টি নিশ্চিত করেছে।
সপ্তাহান্তের শুরুতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে গত সপ্তাহে নেটফ্লিক্সে বড় পরিসরে কর্মী ছাঁটাই করা হয়। এতে প্রায় এক হাজার কর্মী চাকরি হারান। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে বরখাস্ত করার খবরও আলোচনায় আসে।
সব মিলিয়ে নেটফ্লিক্সের সাম্প্রতিক পুনর্গঠনে একের পর এক শীর্ষ পদে পরিবর্তন দেখা যাচ্ছে।
নেটফ্লিক্সে দায়িত্ব পালনকালে ৮৮টি চলচ্চিত্রের অনুমোদন দেওয়া বা স্বত্ব সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন ড্যান লিন। গত জুনে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছিলেন তিনি।
তার সময়ে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘এপেক্স’, ‘এমিলিয়া পেরেজ’, ‘হিয়ার কামস দ্য ফ্লাড’ এবং ‘দ্য ফার্দার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’।
এদিকে ড্যান লিনের বরখাস্তের বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নতুন নেতৃত্বে চলচ্চিত্র বিভাগের কার্যক্রম ও কনটেন্ট নির্বাচনের কৌশলে পরিবর্তন আসে কি না, তা নিয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে।








